বড় ঘোষণা রেলের, রথযাত্রায় সহজেই জগন্নাথ দর্শন!

হাতে গুনে আর মাত্র ক’টা দিনের অপেক্ষা । তারপরই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। রথযাত্রা নিয়ে ফের একবার মেতে উঠবে ওড়িশার পুরী। আর এই উৎসবে মেতে উঠতে লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমান বিশ্বের নানা প্রান্ত থেকে। এবার পুরীর এই রথযাত্রার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। রথে পুরী যাওয়া আরও সহজ হল।

সম্প্রতি, ইস্ট রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে রথযাত্রা উপলক্ষে পুরী অবধি চালু হবে ৩৬৫টি বিশেষ ট্রেন। পাশাপাশি নিয়মিত যে ট্রেনগুলি যায়, সেগুলি তো চলবেই। রথযাত্রা উপলক্ষে পুরীতে যে বিপুল জনসমাগম হয়, তা সামাল দিতেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, রেলের তরফে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীরা যাতে সহজেই পুরী পৌঁছতে পারেন, তার জন্য় ওড়িশা ও পড়শি রাজ্যগুলি থেকে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওড়িশার জগদ্দলপুর, বালেশ্বর, গুনুপুর, রায়গড়, জুনাগড় রোড, বাদামপাহাড়, আঙ্গুল, বীরমিত্রপুর সহ একাধিক জায়গা থেকে বিশেষ ট্রেন চলবে। অন্যদিকে ভিন রাজ্যের মধ্যে একদিকে যেমন সাঁতরাগাছি থেকে একাধিক বিশেষ ট্রেন ছাড়বে পুরীর উদ্দেশে, অন্যদিকে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, ছত্তীসগঢ়ের গোন্দিয়া থেকেও বিশেষ ট্রেন চলবে।





