কলকাতা লিগের ম্যাসকট এবার গোপাল ভাঁড়

বুধবার শুরু এই বছরের কলকাতা ফুটবল লিগ। প্রথম ম্যাচে নৈহাটিতে মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘ ও বিএসএস। তার আগে আয়োজিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কলকাতা লিগ শুরুর একদিন আগে শহরের পাঁচতারা হোটেলে আয়োজিত হল এই বছরের কলকাতা লিগের ম্যাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন। এই বছরের কলকাতা লিগের ম্যাসকট গোপাল ভাঁড়। পাশাপাশি এই বছর কলকাতা লিগে বিশেষ সম্মান জানিয়ে পিকে ব্যানার্জীকে উৎসর্গ করা হচ্ছে এই লিগ।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন, সহ বহু প্রাক্তন ফুটবলার এবং আইএফএর কর্মকর্তারা। এদিন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএর পক্ষ থেকে বাঙালি ফুটবলার বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি তিনি বলেন কলকাতা লিগে রেফারির মান উন্নত করা দরকার। একইসঙ্গে এদিন অরূপ বিশ্বাস বলেন, এখন থেকে এই বছরের সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করা দরকার। যাতে কোচ কলকাতা লিগে ফুটবলারদের দেখে ভালো দল গঠন করতে পারেন। তিনি প্রস্তাব দেন এই বছরও সন্তোষ ট্রফির কোচের দায়িত্ব দেওয়া হোক, গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনকে।

যদিও এই দিন সঞ্জয় সেন জানান তিনি এখনও কোন সিদ্ধান্ত নেন নি। তাঁর সময় হলে তিনি অবশ্যই কোচের দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, তিনি সন্তোষ ট্রফির কোচের বিষয় নিয়ে সঞ্জয় সেনের সঙ্গে আলোচনা করবেন, তবে খুব শীঘ্রই সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করা হবে। সবমিলিয়ে বহু গুণীজনের সমাহারে সোমবার এই বছরের কলকাতা লিগের কাউন্টডাউন শুরু হয়ে গেল তা বলা যেতেই পারে।





