বঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সতর্কবার্তা

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সপ্তাহের প্রথম দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ,আগামী রবিবার অর্থাৎ ২৯ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি , উত্তরবঙ্গে আজও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।





