Breaking News

নিম্নচাপের জেরে মেঘলা কলকাতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষার মেজাজ। সোমবার সকাল থেকেই মেঘের চাদরে ঢাকা কলকাতার আকাশ। কোথাও কোথাও চলছে রুকুরুকু বৃষ্টি, আবার কোথাও দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাত। শহরের অলিগলি জুড়ে ছাতার নিচে চলাচল করতে দেখা যাচ্ছে মানুষকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টিপ্রবণ হতে চলেছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে আজ, সোমবার এবং আগামীকাল মঙ্গলবারের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। মঙ্গলবার আরও একটি জেলাকে সতর্কতার আওতায় রাখা হয়েছে—আলিপুরদুয়ার। সেখানে জলমগ্নতা ও ভূমিধসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এমনকি বুধবারেও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

অন্যদিকে, বৃষ্টির হাত ধরেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতাবাসী। শহরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ পৌঁছেছে ৯৭ শতাংশে, ফলে ভ্যাপসা গরম কিছুটা থাকলেও অতিরিক্ত দাবদাহ থেকে রেহাই মিলেছে আপাতত।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তা ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর ফলে রাজ্যের উত্তর এবং দক্ষিণ—উভয় অংশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button