‘গুরুতর অভিযোগ! মহারাজের উচিত পুলিশের নোটিশকে সম্মতি দেওয়া’, দাবি কুণালের

এবার ধর্ষণের অভিযোগের ঘটনায় বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে আইনি নোটিস পাঠাল পুলিশ। থানায় হাজিরার নির্দেশের পাশাপাশি, বেঁধে দেওয়া হল সময়সীমাও। নোটিসে বলা হয়েছে, আগামী ১ জুলাই সকাল ১০টায় তাঁকে নবগ্রাম থানায় হাজির হতে হবে।
গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে নবগ্রাম থানার পুলিশ। কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, তার প্রেক্ষিতে তাঁর উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।
স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআরও রুজু হয়েছে। গত ২৬ জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেন, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করেছে।
সোমবার আইনি নোটিস পাঠানো হয় ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধির মাধ্যমে। যদিও কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সংঘ সূত্রের খবর, ওই মহিলা আশ্রমেই চাকরি করতেন। আগেও ওই মহিলা বেশকিছু অভিযোগ তুলছিলেন! এমনটাই দাবি করেছে সংঘ সূত্র।





