আধুনিক ভারতের এক করুণ বাস্তবতা চোখের সামনে!

বর্ষা এলেই দেখা দেয় চরম দুর্ভোগ। অফিসের জরাজীর্ণ ছাদ দিয়ে টপটপ করে জল পড়া যেন এক পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনার ভেবিয়া পোস্ট অফিসে। বৃষ্টির জলে মেঝে ভিজে একাকার, আর সেই জমা জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য সামগ্রীকে বাঁচাতে বাধ্য হয়ে পলিথিন টাঙিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।
এই দৃশ্য যেন আধুনিক ভারতের এক করুণ বাস্তবতা—যেখানে ডিজিটাল পরিষেবার কথা বলা হলেও একটি গুরুত্বপূর্ণ দফতর চলছে জোড়াতালির ভরসায়। সামনের রাস্তায় জমে থাকা জল একদিকে যেমন পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি করছে, তেমনই প্রবেশপথেও জল ঢুকে পড়ায় ভোগান্তি বাড়ছে বহু গুণ। ভিজে জামাকাপড়ে পরিষেবা নিতে আসছেন গ্রাহকরা, আবার অফিসের ভেতরে পা রেখেই পড়তে হচ্ছে পিচ্ছিল মেঝেতে। প্রতিদিন শতাধিক গ্রাহক এই পোস্ট অফিসে আসেন বিভিন্ন পরিষেবার জন্য। কিন্তু এমন দুরবস্থায় পরিষেবার গতি যেমন কমে যায়, তেমনই পরিষেবা গ্রহণকারীরাও হয়রানির শিকার হন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। জল জমে থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রতিদিন, যা কর্মীদের জীবনের জন্যও হুমকি।
এই পোষ্ট অফিসের এক এজেন্ট জানান, বর্ষার সময় অনেক দিনই জমে ঘরের মধ্য জমে গিয়ে হাঁটু সমান হয়ে যায়। মেসিনপত্রের সমস্যা হয়।
এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে স্থানীয় বিশিষ্টরা সকলেই এই দুরবস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন। তাঁদের দাবি, পোস্ট অফিসের ছাদে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করুক ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নাহলে অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক।





