এএফসি মহিলা এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন ভারতীয় মহিলাদের!

গত কয়েক বছর ধরে ক্রমশ ভারতীয় ফুটবল অবনতির পথে হাঁটছে। বিশ্ব ফুটবলে ভারতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং ক্রমশ কমে যাচ্ছে। আর তাই নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এবার ভারতীয় পুরুষ ফুটবল দল এএফসি এশিয়ান কাপে সাফল্য দেখাতে না পারলেও, করে দেখাল ভারতীয় মহিলা বাহিনী।
শনিবার এএফসি মহিলা এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা ফুটবল দল। এদিন থাইল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করল ভারত। ভারতের হয়ে দুটি গোলই করেন সঙ্গীতা বাসফোর। মনে রাখতে হবে, থাইল্যান্ডের মহিলা দল কিন্তু র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে। থাইল্যান্ড মহিলা দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং ৪৬। ভারতের ৭০।
সুতরাং ম্যাচটা যে ভারতের কাছে অত্যন্ত কঠিন ছিল, তা হাড়ে হড়ে বোঝা গেল শনিবাসরীয় সন্ধ্যায়। থাইল্যান্ডের গতি মেপে ভারত ধীরে ধীরে ম্যাচে ফেরে। এরই মধ্যে থাইল্যান্ডের শট বার পোস্টে লেগে ফেরে। ২৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ভারত। ২৯ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোর। স্কোরলাইন ১-০ রেখে বিরতিতে যায় ভারত।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে গোল খেয়ে বসে ভারত। এরপর থাইল্যান্ডে শরীরী ভাষাটাই যেন বদলে যায়। মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন তাঁরা। ৫৫ মিনিটে জোড়া সুযোগ হারায় তারা। এরমধ্যে একটি পোস্টে লেগে প্রতিহত হয়। তবে ঝটকা সামলে ম্যাচে ফেরে ভারতও। ৬৩ মিনিটে সুযোগ তৈরি করলেও গোল হয়নি। ৬৭ মিনিটে ভালো জায়গা থেকে ফ্রিকিক পেয়েও গোলে কনভার্ট করতে ব্যর্থ হয় ব্লু টাইগ্রেসরা। ৭৩ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে কাঙ্ক্ষিত গোল করে ভারতকে এগিয়ে দেন সেই সঙ্গীতা। শেষমেশ তাঁর এই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ২-১ গোলে জিতে এশিয়ান কাপে খেলার টিকিট জোগাড় করে নেয় ভারত। আর ভারতীয় মহিলা দলের এই সাফল্যের পর গোটা দেশ জুড়ে ফুটবল মহলে খুশির হাওয়া তা বলা যেতেই পারে।





