বাড়ির কাছ থেকে উদ্ধার নার্সের দে.হ, চাঞ্চল্য মহেশতলায়

মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু ! মৃতার নাম শিল্পী বিবি, বয়স ৩৪। পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার মাঝ রাতে বাড়ির কাছে গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন। এরপর রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। গলায় ওড়না পেঁচানো ছিল শিল্পীর। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে খবর, মৃতার দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পাশাপাশি যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকেও। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা খুন করতে পারেন শিল্পীকে, কেনই বা খুন করা হল তাঁকে, মৃতার স্বামীর কারওর উপর সন্দেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন মৃতার স্বামী কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় মৃতার স্বামী নাসির আলি বলেন, ‘‘ওকে খুন করা হয়েছে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। কেউ পরিকল্পিত ভাবে ওকে খুন করেছে।’’





