দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষা! আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে? দেখুন

টানা বৃষ্টি হয়েই চলেছে। নাজেহাল রাজ্যবাসী। কবে থামবে এই বৃষ্টি? এই প্রশ্নই এখন ঘুরছে আমজনতার মনে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরছে। বুধবার রাতেই বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে। গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি নিম্নচাপ এবং দু’টি অক্ষরেক্ষা। এর প্রভাবেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপ খানিকটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। তবে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে। মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের পর বুধবার থেকে কিছুটা বৃষ্টি কমবে।
বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ওই দিন থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি, শুক্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে মঙ্গল ওবুধবার। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।





