ষাঠেই রাজনীতির ইতি! কিন্তু কেন? কী ইচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর?

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়াতে হবে। অন্যদের কাজ করার সুযোগ করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধানের এই মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। এই আবহে এবার জল্পনা উস্কে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তাঁর বয়স পেরিয়েছে ৬০ বছর। এখনই কি রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন তিনি?
রাজনীতি থেকে অবসরের পর তিনি কী করবেন? নিজের পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই পরিকল্পনার মধ্যে রাজনীতির কোনও ছোঁয়া থাকছে না। তাহলে অবসরের পর বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ কী করবেন? সম্প্রতি গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশের সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত নারী ও সমাজকর্মীদের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, অবসরের পর বাকি জীবনটা তিনি বেদ, উপনিষদ পড়ে ও প্রাকৃতিক চাষাবাদ নিয়ে কাটাবেন।
তিনি বলেন, “যখন আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, সবাই বলেছিল আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর পেয়েছি। কিন্তু যেদিন আমি সহকারিতা মন্ত্রক পেলাম, সেদিন আমার মনে হয়েছিল আমাকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে একটি দায়িত্ব যা দেশের কৃষক, দরিদ্র মানুষ, গ্রাম ও পশুদের সেবা করার সুযোগ দেয়।”
বছর ষাটের শাহ কিশোর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত হন। ১৯৮৩ সালে ABVP-তে যোগ দেন। আর বিজেপিতে যোগ দেন ১৯৮৭ সালে। তারপর দলে একের পর এক দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন গুজরাটের মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব তাঁর কাঁধে। পাশাপাশি সমবায় মন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছেন। পোড়খাওয়া এই রাজনীতিকই অবসর পরবর্তী জীবনে কী কী করবেন, সেই পরিকল্পনার কথা জানালেন।





