নবান্ন অভিযান ঘিরে তু.মুল কড়া পুলিশি নিরাপত্তা

নিজেদের হকের চাকরির দাবিতে এখনও চলছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। তাদের নয়া দাবি পরীক্ষা না দিয়ে তাদের পুনরায় চাকরিতে বহাল থাকতে হবে। আর সেই দাবিকে সামনে রেখে আজ নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে হাওড়া স্টেশনে জমায়েত হয়ে নবান্নের দিকে অভিযান চালাবে যোগ্য শিক্ষকেরা। আজ একাধিক দাবিতে এই অভিযানের ডাক যোগ্য চাকরিহারাদের।
রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি তোলা হবে।
অন্যদিকে চাকরিহারাদের এই নবান্ন অভিযান আটকানোর জন্য মরিয়া চেষ্টা পুলিশ প্রশাসনের। হাওড়া থেকে মূলত যে ৪টি পয়েন্ট বা রাস্তা নবান্নের দিকে যায় সেই সমস্ত রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর শুধু তাই নয়, কিছুক্ষনের মধ্যেই বন্ধ করে দেয়া হবে সেই পয়েন্টগুলি। এছাড়াও গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে রাস্তা। মূলত এই অভিযান আটকাতেই প্রশাসনের এই তৎপরতা।
দু’সপ্তাহের মধ্যে পর পর দু’টি নবান্ন অভিযানের জেরে আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন হাওড়ার মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। পুলিশ,RAF -এর পাশাপাশি জল কামানেরও ব্যবস্থা করা হয়েছে। সোমবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা নবান্নকে। গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চলবে। যাতে চাকরিহারারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্নের দিকে যেতে না পারেন। এই অভিযানের জন্য হাওড়া ময়দান থেকে হাওড়া পুরসভার আগে, বঙ্কিম সেতুর নীচে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। নবান্নেও ছিল কড়া প্রহরা। আর এবারের নবান্ন অভিযান ঘিরেও তুমুল নিরাপত্তা নজরে আসছে।





