Breaking Newsরাজ্য

জল্পনার যবনিকা পতন! ১৮ জুলাই বড় চমক দেবেন দিলীপ?

দুর্গাপুরে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাখির চোখ বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, এই সফর রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে চমকের শেষ নেই এখানেই। চর্চার কেন্দ্র হয়ে রয়েছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিজেপির অন্দরের খবর, শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের সক্রিয় হওয়া ছিল সময়ের অপেক্ষা। অবশেষে শেষ হল অপেক্ষা। ১৮ জুলাই আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের একাংশ নেতাকর্মী।

এই নিয়ে সংবাদ মাধ্যমকে বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা বলেন, “দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর সভায় ডাকা হবে কি না, সেটা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর।” যদিও বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও সূত্রের খবর, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য চাইছেন এই সভায় রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাই উপস্থিত থাকুন। এতে বিজেপির ভেতরের ঐক্যের বার্তা দেওয়া যাবে বলেই তাঁর মত। সেই কারণে দিলীপ ঘোষও মঞ্চে থাকতে পারেন বলে দলের অন্দরেই আলোচনা চলছে।

অন্যদিকে, তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার মাত্র তিন দিন আগেই মোদীর এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কেমন সমন্বয় দেখা যায়, তা নজর রাখার মতো বিষয়। দিলীপ ঘোষ মঞ্চে থাকলে তা একদিকে বিজেপির অভ্যন্তরীণ বিভাজন মেটানোর বার্তা দেবে, আবার অন্যদিকে তাঁর রাজনৈতিক গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিতও বয়ে আনবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button