বাংলাভাষীদের অ.পমানের প্র.তিবাদ! ১৬ জুলাই রাজপথে মমতা

গত কয়েকমাস ধরে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের ছবি। ভিনরাজ্যে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে বারবার। এবার তার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। আগামী ১৬ জুলাই এই কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রবিবার এমনটাই জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ওডিশা থেকে মহারাষ্ট্র, দিল্লি থেকে উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে বাংলাভাষীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পদক্ষেপ নেওয়ার জন্য বারবার রাজ্যের তরফে চিঠি দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি শাসিত রাজ্যগুলি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার। এই অভিযোগ তুলে আগামী ১৬ জুলাই কলকাতায় মিছিলের আয়োজন করা হয়েছে।
এই প্রতিবাদ মিছিল বেলা ১টায় মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে খবর। এছাড়া মিছিলের পর একটি সভা হবে। সেই সভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা। তিনি বলেন, ‘‘বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্তা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত? বাংলা ভাষাকে অপমান করা হলে, বাঙালিকে বাংলাদেশি বলা হলে, তা কিছুতেই সহ্য করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাস্তায় নামব। এই আন্দোলন শুধুই রাজনৈতিক নয়, এটা বাংলার সংস্কৃতি, পরিচয় ও সম্মান রক্ষার লড়াই।”





