Breaking Newsক্রিকেটখেলা

রুদ্ধশ্বাস থ্রিলার টেস্টে ২২ রানে জয় ইংল্যান্ডের

টেস্টের দাঁড়িপাল্লা একবার ভারতের দিকে ঝুঁকছে তো, একবার ইংল্যান্ডের দিকে। লাল বলের ক্রিকেটে এমন টানটান উত্তেজনায় ভরা টেস্ট কার্যত ভাবাই যায় না। আর সেটাই যেন করে দেখাল লর্ডস। টেস্টের প্রথম ইনিংসে ভারত ও ইংল্যান্ড দুই দলই তোলে ৩৮৭ রান। ফলে প্রথম ইনিংস টাই হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং ভারতের। যার ফলে মাত্র ১৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে চারটে উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে ভারতকে টেক্কা দিয়ে টেস্টের চতুর্থ দিনের শেষে এবং পঞ্চম দিনে বল হাতে আগুন ঝরালেন ইংল্যান্ড বোলাররা। টেস্টে চতুর্থ দিনের মাত্র শেষ কয়েক ঘন্টার মধ্যে ভারত ৪ উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে যায়।

আর সোমবার পঞ্চম দিনে ৩৯ রানে কেএল রাহুলকে ফিরিয়ে দেন বেন স্টোকস। এরপর জোফ্রা আর্চারের বলে ৯ রানে বোল্ড হয়ে যান ঋষভ পন্থ। একদিকে জাদেজা টেস্ট বাঁচাতে শেষ পর্যন্ত উইকেট কামড়ে পড়ে থেকে মরিয়া প্রয়াস চালালেও, অন্যদিকে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দ্রুত আউট হয়ে ফিরে যান ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডিরা। জাদেজাকে সঙ্গ দিয়ে উইকেট ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালান যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তবে জাদেজা একদিকে ৬১ রানে অপরাজিত থেকে গেলেও, ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ২২ রানে টেস্ট জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংল্যান্ড।

আর এদিন দেখা গেল ভারতের শেষ উইকেট শোয়েব বসিরের বলে মহম্মদ সিরাজের উইকেটের উপর থেকে বেল মাটিতে পড়তেই কান্নায় ভেঙে পড়েন সিরাজ। নিজেদের প্রাথমিক উচ্ছ্বাসের পর, সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। একে একে এগিয়ে আসেন হ্যারি ব্রুক, জো রুট, জ্যার ক্রলিরা। মাটিতে বসে পড়া সিরাজকে হাত ধরে তোলেন ব্রুক। যা এক সৌজন্যতার সাক্ষী থাকল লর্ডসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button