শিলিগুড়িতে ২১শে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযান! শর্তসাপেক্ষে মিলল অনুমতি

তৃণমূলের মেগা ইভেন্টের দিন শিলিগুড়িতে অভিযান করবে বিজেপি! অবশেষে এই কর্মসূচির জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২১ জুলাই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে বিজেপি।
সূত্রের খবর, ২১ জুলাই রাজ্য জুড়ে শহিদ দিবস পালন করে শাসকদল তৃণমূল। ওই দিন কলকাতায় প্রতি বছরের মতোই এ বছরও কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই দিনই উত্তরবঙ্গে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু অভিযোগ, পুলিশের প্রয়োজনীয় অনুমতি মেলেনি। এর পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়। অবশেষে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
আদালত জানিয়েছে, উত্তরকন্যা অভিযানে জমায়েতের সর্বোচ্চ সংখ্যা হবে ১০ হাজার। উত্তরকন্যা অভিযানে যে মিছিলের আয়োজন করা হবে, তাতে এক বারে ১২০ থেকে ১৫০ জনের বেশি মানুষ যোগ দিতে পারবেন না। যান চলাচলের জন্য রাস্তা ছেড়ে মিছিল করতে হবে। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরকন্যা কর্মসূচি চালানোর অনুমতি মিলেছে।
এদিন এই মামলার শুনানির পর বিজেপির আইনজীবী বলেন, ‘‘শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে ফুটবল মাঠ পর্যন্ত মিছিল হবে। সেই মিছিল উত্তরকন্যা হয়ে যাবে। আমরা ১০ হাজার মানুষের জমায়েতের আবেদন জানিয়েছিলাম। তার অনুমতি মিলেছে। পাশাপাশি শিলিগুড়ি পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে আদালত। আমাদেরও আইনশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।’’





