বিজেপির নোটিশ হাতে এনআরসি ইস্যুতে সরব মমতা

ভিনরাজ্যে থেকে বারেবারে বাঙালি নির্যাতনের ছবি উঠে আসছে। বাংলা ভাষায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা, ভুগতে হচ্ছে ‘পুশব্যাক’ যন্ত্রণা। এমনকি নাগরিকত্ব প্রমাণের জন্য এনআরসি নোটিস পেয়েছেন অনেকে। এই বিষয়ে সরব তৃণমূল নেত্রী।
শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের জারি করা ‘বাঙালি বিরোধী’ সার্কুলার তুলে দেখালেন মমতা। মমতার দাবি, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে। বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিজেপির চক্রান্ত তো চলছে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। মানুষের কথা বলে না তারা। নির্বাচনের আগে প্রথম সার্কুলার ভারত সরকার পাঠিয়েছে। এক হাজারের উপর লোককে কাউকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা, তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে”।
পাশাপাশি এনআরসি নোটিস পাওয়া উত্তমকুমার ব্রজবাসীকে মঞ্চে দাঁড় করিয়ে অসমের মুখ্যমন্ত্রীকে কড়া নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ” অসমের মুখ্যমন্ত্রী, আপনি অসম সামলাতে পারছেন না। আর বাংলায় নাক গলাচ্ছেন। সুস্মিতা দেবকে বলব দরকার হলে প্রতিরোধ গড়ে তুলতে। দরকার হলে আমরা সবাই যাব। দেখব কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখেন”।
পাশাপাশি এদিন মমতা শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে রোহিঙ্গা ইস্যুতে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না! বিজেপির এক জন নেতা বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। মোট কত রোহিঙ্গা? আপনি এত জনকে বাংলাতেই বা পেলেন কোথায়?’’





