Breaking Newsরাজ্য

যৌ*ন অপরাধ রুখতে বসছে ক্যামেরা, শিয়ালদহ-হাওড়া স্টেশনে এআই প্রযুক্তিতে নজরদারি

চব্বিশ ঘন্টা ভিড়। গিজগিজ করছে কালো কালো মাথা। শিয়ালদহ এবং হাওড়া স্টেশন নিয়ে এবার অভিনব উদ্যোগ প্রশাসনের। ভিড়ের মধ্যে কোনও মহিলা যাতে যৌন নিগ্রহের শিকার না হন, এআই প্রযুক্তির ক্যামেরা বসানোর কাজ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হাওড়া-শিয়ালদহ-সহ দেশের সাতটি প্রধান রেল স্টেশনে এআই প্রযুক্তিনির্ভর ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসানোর।

শিয়ালদহ আরপিএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট মনোজকুমার জানিয়েছেন, “শিয়ালদহ স্টেশনে ২৩৯টি পুরনো ক্যামেরা রয়েছে। নতুন করে ৫০০টি এআই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসানো হবে আগামী বছর। হাওড়া স্টেশনেও একই প্রযুক্তির ক্যামেরা বসবে।”

এই ক্যামেরা গুলির বিশেষত্ব হল এগুলি যৌন নিগ্রহকারীদের চিনিয়ে দিতে সক্ষম। কোনও ব্যক্তির মুখমণ্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সেই তথ্যকে কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দ্রুততার সঙ্গে চিহ্নিত করতে পারবে। ফলে যদি কোনও দাগি যৌন অপরাধী স্টেশনে ঢোকে, তাহলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তাকে শনাক্ত করবে এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করবে।

পূর্ব রেলের আরপিএফ আইজি অমিয়নন্দন সিনহা জানিয়েছেন, ‘শুধুমাত্র শিয়ালদহ বা হাওড়া নয়, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, নয়াদিল্লি রেল স্টেশন, এমনকী বিভিন্ন মেলা উপলক্ষে জশিডির মতো জায়গাতেও এই এআই প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হয়েছে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল ডেটাবেস অন সেক্সুয়াল অফেন্ডার্স (এনডিএসও)-এ এই মুহূর্তে ২০ লক্ষাধিক দাগি যৌন অপরাধীর বায়োমেট্রিক মজুত। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাই-সহ আট শহরে ‘নিরাপদ শহর’ প্রকল্প চালু হয়েছে। যেখানে সিসি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি রাখতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button