Breaking Newsরাজ্য

OBC ইস্যুতে সুপ্রিম কোর্টে বড়ো সাফল্য রাজ্যের! হাইকোর্টের রায়তে স্থগিতাদেশ উচ্চ আদালতের

ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গত ১৭ জুন রাজ্যের ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। হাই কোর্টের ওই নির্দেশের উপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ।

সোমবার মামলাটি শুনানির জন্য উঠতেই হাই কোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি গবই বলেন, “আমরা এ বিষয়ে নোটিস জারি করব। এটা আশ্চর্যজনক! হাই কোর্ট কী ভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে? আমরা ভেবে অবাক হচ্ছি যে, কোন যুক্তিতে হাই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে!” প্রধান বিচারপতি আরও জানান, সংরক্ষণ তো প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এর জন্য আলাদা করে কোনও আইন তৈরির প্রয়োজন নেই।

পাশাপাশি আরও জানা যাচ্ছে আজ থেকে ছয় সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে হাইকোর্টকে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ শীর্ষ আদালতের। এই প্রসঙ্গে প্রসঙ্গে সংবাদমাধ্যমে আইনজীবী বিকাশরঞ্জ ভট্টাচার্য বলেন, “বিষয়টা ঝুলে আছে, এটা ঝুলে না থাকাই ভালো। সুপ্রিম কোর্ট তার মতামত দিয়েছে। এটা সাময়িক মতামত। হাইকোর্টকেই চূড়ান্ত শুনানি করতে বলা হয়েছে। তারপর চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট যা বলবে সেটাই হবে। এটাই তো একটা পদ্ধতি।”

প্রসঙ্গত, গত জুন মাসে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। আগামী ৩১ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ জারি করেছিল আদালত। হাই কোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও আদালত আগেই স্পষ্ট করেছে যে, এমন কোনও প্রতিবন্ধকতা নেই। তবে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button