গৌড় এক্সপ্রেসের এসি কামরায় ফের চু.রি, যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ফের একবার কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় চুরি! সোমবার সকালে মালদা টাউন স্টেশনে ট্রেন ঢোকার আগে চুরির বিষয়টি সামনে আসতেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
মালদা শহরের বিবেকানন্দপল্লির বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য জানান, রবিবার রাতে তিনি ও তাঁর স্বামী গৌড় এক্সপ্রেসের এসি কামরায় কলকাতা থেকে মালদা অভিমুখে যাত্রা শুরু করেন। ভোর তিনটে নাগাদ তিনি তাঁর হ্যান্ডব্যাগ নিজের সিটের কাছেই রাখেন এবং ঘুমিয়ে পড়েন। কিন্তু সকাল বেলা ঘুম ভাঙতেই দেখেন ব্যাগটি নিখোঁজ। ব্যাগে ছিল দুটি দামি মোবাইল ফোন, একটি এটিএম ও একটি ক্রেডিট কার্ড, পাশাপাশি নগদ ১৩০০ টাকা।
অনুশ্রী দেবী দ্রুত মালদা টাউন স্টেশনের জিআরপি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এই ঘটনায় তিনি একা নন, ট্রেনের আরও একাধিক যাত্রীর ব্যাগ, মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁরাও জিআরপি-তে অভিযোগ জানাতে যান।
ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য যাত্রীদের থেকেও বয়ান নেওয়া হচ্ছে। তবে ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, গৌড় এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনের এসি কামরাতেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ যাত্রীরা কতটা নিরাপদ? যাত্রীদের অভিযোগ, রাত্রিকালীন ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং রেল পুলিশের তৎপরতার ঘাটতির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে।





