রবিবার বন্ধ হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা , চলবে প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা

একদিকে ব্লু লাইনে দক্ষিণ প্রান্তের সর্বশেষ কবি সুভাষ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাঝেই আরও এক লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। আগামী রবিবার, ৪ আগস্ট, বন্ধ থাকছে গ্রিন লাইন-২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ATO টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের স্বয়ংক্রিয় ট্রেন চালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যদিও স্বয়ংক্রিয় ট্রেনের ব্যাপারে যাত্রীদের কোনও উৎসাহ নেই। তাঁদের মতে, চালক দিয়েই সঠিক পরিষেবা দিতে পারছে না কলকাতা মেট্রো। কখনও স্টেশনে ট্রেন দেরিতে আসছে, কখনও বা আগুন লেগে যাচ্ছে। এছাড়া স্টেশনে জল জমে যাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল হওয়া তো রয়েইছে। সেখানে স্বয়ংক্রিয় ভাবে মেট্রো চলাচলের চিন্তাভাবনা যে ভোগান্তি যে আরও বাড়াতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে এই রুটের পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চলাচল কিছুদিন বন্ধ ছিল। তখন হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে দৈনিক পরিষেবা ছিল ১১৪টি। জানুয়ারি মাসে তা বাড়িয়ে ১৩০টি করা হয়। কিন্তু আবার পরিষেবা স্থগিত থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়বে।





