ফের পিছল ডিএ মামলার শুনানি

ফের সোমবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। পূর্ণাঙ্গ শুনানি হবে মঙ্গলবার। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।
আদালতে সোমবার রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, “একে তো হাইকোর্ট বা ট্রাইবুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেয়নি। তার উপর অনেক টাকার ব্যাপার। আদালতের নির্দেশ কার্যকর করতে চাই। তবে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর অর্থ জোগাড় করতে কিছু সময় লাগবে।” দ্রুত এই মামলার নিষ্পত্তি নিয়ে দেশের শীর্ষ আদালত জানায়, “প্রয়োজনে রোজ শুনানি হবে।“
উল্লেখ্য, গত ১৬ মে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। টাকার অঙ্ক অনেক বেশি থাকায় সুপ্রিম কোর্টে সময় চেয়ে আবেদন জানায় রাজ্যের আইনজীবী।
যদিও রাজ্যের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল জানান, মঙ্গলবারই হবে এই মামলার শুনানি। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হোক। যত দ্রুত সম্ভব, এই ডিএ মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা কোন দিকে এগোবে, তার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা।





