মিরাট কাণ্ডের ছায়া এবার রাজস্থানে! নীল ড্রাম থেকে মিলল যুবকের পচাগলা দে.হ, নিখোঁজ স্ত্রী ও তিন সন্তান

মিরাট কাণ্ডের ছায়া এবার রাজস্থানে! একটি ভাড়া বাড়ির ছাদে ড্রামের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে তির্জারা জেলার আদর্শ কলোনিতে। মৃতের নাম হংসরাম। জানা যাচ্ছে এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ। পুলিশ ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা হংসরাজ ওরফে সুরজ। প্রায় দেড় মাস ধরে কিষাণগড়ের আদর্শ কলোনিতে একটি বাড়িতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন৷ স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন ধরে দেখা যায়নি ওই পরিবারকে। রবিবার সকালে বাড়ির মালকিন কোনও কাজে দোতলায় গিয়েছিলেন। সে সময় ছাদে রাখা একটি নীল রঙের ড্রাম থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে সন্দেহ হয় তাঁর।
খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই নীল ড্রাম থেকে হংসরাজের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ড্রামের ঢাকনার উপর পাথর চাপা দেওয়া ছিল। পাথর সরিয়ে ঢাকনা খোলার পর দেখা যায়, ভেতরে একটি বিছানার চাদর দিয়ে মৃতদেহ ঢাকা হয়েছে। এই খুনের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। মৃতের স্ত্রী ও অন্য কেউ এই খুনে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের মেরঠে এমনই একটি নীল ড্রাম থেকে উদ্ধার হয়েছিল সৌরভ রাজপুত নামে এক যুবকের দেহ। প্রেমিক সাহিল শুক্লের সঙ্গে মিলে সৌরভকে খুন করেছিলেন তাঁরই স্ত্রী মুস্কান রস্তোগী। খুনের পর দেহটি ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনারই স্মৃতি ফিরছে রাজস্থানের ঘটনায়।





