
স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন প্রেমিক যুগল। ২৪ ঘণ্টার মধ্যেই আনন্দপুরে খাল থেকে উদ্ধার হয়ে গেল তরুণ, তরুণীর দেহ। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রনিতা বৈদ্য (২৩), তিনি উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন রোহিত আগরওয়াল, যিনি পেশায় ডেলিভারি বয়। সোমবার বিকেলে তাঁরা আনন্দপুরের চিনা মন্দির সংলগ্ন এলাকায় স্কুটার চালানো শিখতে যান। ওই সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, রোহিত দৌড়ে গিয়ে নোনাডাঙা খালের জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন রনিতাও। প্রবল স্রোতের কারণে আর উঠে আসতে পারেননি কেউই।
সন্ধ্যার পর থেকে নিখোঁজ থাকায় পরিবারের তরফে থানায় খবর দেওয়া হয়। এরপর থেকেই তল্লাশি শুরু করে আনন্দপুর থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি নামিয়ে নোনাডাঙা খালে খোঁজ চালানো হয়। দুপুরে প্রথমে রোহিতের দেহ উদ্ধার করা হয়, পরে মিলেছে রনিতার দেহও।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা। স্কুটার শেখার সময় সামান্য বচসা থেকে এই বিপত্তি ঘটে। হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় দু’জনেই খালের জলে তলিয়ে যান। এই মৃত্যুকে মানতে পারছেন না তাঁদের পরিবার ও প্রতিবেশীরা। তরুণ-তরুণীর অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।





