
দক্ষিণ কলকাতার নিউ গড়িয়ার পঞ্চসায়র আবাসনে নৃশংস হত্যাকাণ্ড। শুক্রবার সকালে আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৭৪ বছরের বৃদ্ধা বিজয়া দাসের রক্তাক্ত দেহ। মৃতার হাত-পা বাঁধা ছিল, মুখ আটকানো ছিল সেলোটেপ দিয়ে, আর মাথা ফেটে মেঝেতে রক্ত ছড়িয়ে পড়েছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গৃহকর্মী ফ্ল্যাটে কাজ করতে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতেই খবর যায় থানায়। আবাসন থেকে প্রায় ৫০০ মিটার দূরেই রয়েছে পঞ্চসায়র থানা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাট ঘিরে ফেলে তদন্ত শুরু করে।
প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেইসঙ্গে যাতে তিনি চিৎকার করতে না পারেন, তার জন্য মুখে সেলোটেপ চাপা হয়েছিল। বাড়িতে তখন তাঁর অসুস্থ স্বামী উপস্থিত ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে খুনের পেছনে আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের পেছনে পরিচিত কেউ নাকি অপরিচিত দুষ্কৃতী জড়িত—তা খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। ঘটনায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে গোটা আবাসনে।





