পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

দেশজুড়ে পথকুকুর সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। পথকুকুর রক্ষার দাবিতে একজোট হয়েছিল সমগ্র রাজধানী। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত আক্রান্ত হন পথকুকুর রক্ষার দাবিতে সরব হওয়া এক ব্যক্তির হাতে। এর মাঝেই শুক্রবার বড় রায় দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ, পথকুকুরদের টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়ার পর তাদের পুনরায় একই এলাকায় ছেড়ে আসতে হবে। তবে যেসব কুকুর জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ করছে, তাদের টিকা দিয়ে আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে নজরে রাখতে হবে। ইতিমধ্যেই এই রায়ের ফলে পশুপ্রেমীদের মধ্যে স্বস্তির রেশ দেখা যাচ্ছে।
আদালতের তরফে আরও জানানো হয়েছে , পথকুকুর সমস্যা মোকাবিলায় বিস্তারিত শুনানির পরে একটি জাতীয় নীতি প্রণয়ন করা হবে। দেশের প্রতিটি রাজ্য ও প্রশাসনকে সেই নীতি মেনে চলতে হবে।
প্রসঙ্গত, পথকুকুরদের সরানো না-সরানো নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত বিতর্কে এল নতুন মোড়। এখন নজর দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের দিকে।





