কাশ্মীর থেকে ভোটার আনার হুমকি! কেরল বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

কেরলে ভোটার তালিকা কারচুপির অভিযোগের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিজেপি সহ-সভাপতি বি গোপালকৃষ্ণণ। তাঁর দাবি, “নির্বাচনে জিততে হলে প্রয়োজনে জম্মু-কাশ্মীর থেকে ভোটার এনে বসাব আমরা।” শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন, গত লোকসভা নির্বাচনে ত্রিশুরে বাইরের রাজ্য থেকে ভোটার আনা হয়েছিল। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোপালকৃষ্ণণ বলেন, “যে কেন্দ্র আমরা জিততে চাই, প্রয়োজনে সেখানে কাশ্মীর থেকে লোক এনে রাখা হবে এক বছরের জন্য। ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এটা হবেই।” যদিও এ ধরনের পদক্ষেপ যে বেআইনি, তা মানতে নারাজ তিনি। তাঁর যুক্তি, “জাল ভোট মানে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া বা দু’বার ভোট দেওয়া। এখানে সেরকম কিছুই হচ্ছে না।”
বিতর্ক ঘনীভূত হতেই তাঁর সাফাইয়ে এগিয়ে আসেন বিজেপির কেরল রাজ্য সম্পাদক এমটি রমেশ। তিনি বলেন, “আইন অনুযায়ী যদি কেউ ৬ মাস কোনও এলাকায় বসবাস করেন, তবে তিনি সেখানকার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার যোগ্য। পরিচয়পত্র এবং বাসস্থানের শংসাপত্রের ভিত্তিতে যে কোনও নাগরিক ভোট দিতে পারেন। তিনি কাশ্মীরি হোন বা অন্য রাজ্যের—এটা কোনও বিষয় নয়।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন ও ভুয়ো ভোটার ইস্যুতে জাতীয় রাজনীতিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলের ত্রিশুর কেন্দ্র নিয়েও একই অভিযোগ উঠেছে। ২০২৪ সালে এখানে বিজেপি প্রার্থী সুরেশ গোপী ৭৪,৬৮২ ভোটে জয়ী হন। বিরোধীরা আগেই তাঁর জয় নিয়ে প্রশ্ন তুলেছিল। গোপালকৃষ্ণণের সাম্প্রতিক মন্তব্যে সেই অভিযোগ আরও জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





