
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এবার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট হুঁশিয়ারি—দু’সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি না ঘটলে রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্কবাণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহই হবে নির্ণায়ক। রাশিয়া যদি শান্তিচুক্তির পথে অগ্রসর না হয়, তবে ফল হবে ভয়াবহ। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি—শুধু শুল্কবাণ নয়, প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হবে। তাঁর দাবি, ইউক্রেনের সঙ্গে সংঘাত দ্রুত শেষ না করলে রাশিয়ার জন্য অপেক্ষা করছে কঠিন পরিস্থিতি।
এর আগে আলাস্কায় পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে বসেছিলেন ট্রাম্প। তবে দীর্ঘ আলোচনার পরও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি। বৈঠক ব্যর্থ হওয়ার পর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন তিনি। সেখানে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধানও উপস্থিত ছিলেন।
সে বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে সামরিক পদক্ষেপেও নেতৃত্ব দেবে আমেরিকা। একই সঙ্গে ইউক্রেনের পাশে থাকার বার্তাও দেন তিনি। জেলেনস্কির উদ্দেশে ট্রাম্প বলেন, “আমেরিকা তোমাদের একা ফেলে দেবে না।”
বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের এহেন কড়া বার্তায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আলটিমেটাম রাশিয়ার উপর কূটনৈতিক চাপ আরও বাড়াবে। তবে পুতিন কী পদক্ষেপ নেবেন, তা নিয়েই এখন দৃষ্টি আন্তর্জাতিক মহলের।





