মাথার দাম ১৫ লক্ষ টাকা! গুমলায় সেনার গু*লি*তে মৃ*ত্যু মাও নেতার !

মাওবাদী দমনে বড় সাফল্য। মঙ্গলবার ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু মাওবাদী নেতার। এই নেতার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা! অন্যদিকে, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অভিযান চালিয়ে আরও এক মাওবাদীকে নিকেশ করতে সক্ষম হয়েছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ গুমলা জেলার কামদারা থানার অন্তর্গত চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখনই আচমকা কয়েক জন মাওবাদীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতেই নিহত হন ওই মাওবাদী নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নেতার নাম মার্টিন কেরকেটা। মার্টিন পিএলএফআই-এর এরিয়া কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তার মৃত্যু বড় সাফল্য হিসেবে মনে করছে নিরাপত্তাবাহিনী। মৃতের কাছ থেকে একটি পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এই প্রসঙ্গে গুমলা জেলার পুলিশ সুপার হারিস বিন জামান, “নিরাপত্তা বাহিনী চাঙ্গাবাদি উপরটোলিতে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে মাওবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যেরাও পাল্টা গুলি চালান। তাতেই নিহত হন পিএলএফআই-এর এরিয়া কমান্ডার মার্টিন কেরকেটা। তাঁর দেহের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে”।
প্রসঙ্গত, মাওবাদী দমনের লক্ষ্যে মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার জঙ্গলের মধ্যে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।





