Breaking Newsরাজ্য

দিঘায় প্রথমবার রথের রশিতে পড়বে টান, সকাল থেকেই শুরু পূজার্চনা

আজ রথযাত্রা। জগন্নাথ মন্দির নির্মাণের পর এই প্রথমবার দিঘায় রথযাত্রা পালিত হতে চলেছে। প্রথম বছরেই দিঘায় রথযাত্রায় লাখ লাখ মানুষের সমাগম হতে পারে অনুমান।

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছিল । দিঘার জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহও বেড়েছে পর্যটকদের মধ্যে । রথের রশিতে টান দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর উপহার দেওয়া সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টানবেন তিনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার থাকছে। রথ যে রাস্তা দিয়ে যাবে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

বুধবার বিকেলেই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের একাধিক মন্ত্রী ও হিডকোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফিতে ধরে রাস্তা ও রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। হাতে-কলমে ডায়াগ্রাম এঁকে প্রশাসনিক কর্তাদের বুঝিয়ে দেন কীভাবে বিশালাকৃতির তিনটি রথ এগিয়ে যাওয়া উচিৎ। কেবল নিজের পরামর্শ এবং উপদেশ দেওয়াই নয়, বরাবরের মতই মন্ত্রী থেকে পুলিশকর্তাদের মতামতও শুনে বিশ্লেষণ করেছেন মুখ্যমন্ত্রী। মন্দির চত্বরে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা ধরে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি জানান, রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না। পদপিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে রাস্তার দু’ধারে ব্যারিকেড করা হচ্ছে। তবে ব্যারিকেডের ওপার থেকে রথ দেখতে পারবেন সাধারণ মানুষ। তাছাড়া ব্যারিকেডের সঙ্গে রথের দড়িও লাগানো থাকবে বলে জানিয়েছেন মমতা। ফলে দু’ধারে ব্যারিকেডের ওপারে থাকা মানুষ রথের রশি ছুঁতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে, শুক্রবার কখন ঘুরবে রথের চাকা? মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘রথের দিন সকাল থেকেই জগন্নাথ মন্দির খোলা থাকবে। সেই সময় দর্শনার্থীরা মন্দিরে যাওয়ার সুযোগও পাবেন। পাশাপাশি, সকাল ৯টা থেকে রথযাত্রার প্রস্তুতি এবং উপাচার শুরু হয়ে যাবে। অত্যধিক ভিড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না-ঘটে, সেই কারণে রথ চলার সময় সাধারণ মানুষকে ব্যারিকেড টপকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। দুপুর ২টোয় রথে আরতি এবং পুজো শুরু হবে। দুপুর আড়াইটে নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। পৌনে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুসজ্জিত রথ পৌঁছোবে মাসির বাড়ি। বিকেল সাড়ে ৪টের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে।’ জানা গিয়েছে, জগন্নাথ দেবের পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে, রথে থাকবে নিমকাঠের বিগ্রহ। আজ দুপুর দু’টোর আগেই মন্দিরে চলে আসার কথা মুখ্যমন্ত্রীর। উৎসবের মাঝেও রাজ্য সরকারের মূল লক্ষ্য, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button