আবহাওয়া

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সব জেলায়। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত আগস্ট মাসের প্রথম সপ্তাহের গোটা সময়টাই বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে। আজ পশ্চিমাঞ্চলের জারি করা হয়েছে কমলা সতর্কতা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, রাঁচী, দিঘা বরাবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের প্রভাবে আগামী দু’দিন বঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর জেরে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট।

আজ ভারী বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে অনেক কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কম। পাশপাশি উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অপরদিকে দুর্যোগের সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অতি ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button