মৌসুমী বায়ুর দোসর নিম্নচাপ! দুর্যোগের পূর্বাভাস বঙ্গে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষার মেজাজ। মঙ্গলবার সকাল থেকেই মেঘের চাদরে ঢাকা কলকাতার আকাশ। কোথাও কোথাও চলছে ঝিরঝিরে বৃষ্টি আবার কোথাও দেখা যাচ্ছে রোদ । আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে নিম্নচাপ অঞ্চল। অন্য দিকে, সংলগ্ন ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী দু’দিন ধরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। একই সঙ্গে, নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা।
দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ অঞ্চল এবং সংলগ্ন ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। এদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বৃষ্টির হাত ধরেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতাবাসী। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬. ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, ফলে ভ্যাপসা গরম কিছুটা থাকলেও অতিরিক্ত দাবদাহ থেকে রেহাই মিলছে আপাতত।
অপরদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে মঙ্গলবারের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। সেখানে জলমগ্নতা ও ভূমিধসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এমনকি বুধবারেও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।





