Breaking Newsক্রিকেটখেলা

২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু ভারতের টেস্ট সফর

আগামী ২০ জুন শুক্রবার থেকে ব্রিটিশদের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ২০ তারিখ লিডসে প্রথম টেস্ট। এরপর ২ জুলাই দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট এবং ৩১ জুলাই থেকে ওভালে পঞ্চম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই বেশ কিছুদিন হল ইংল্যান্ডে পৌঁছে লাল বলে টেস্ট সিরিজের মহড়া সারছে ভারতীয় দল। তবে এবার ইংল্যান্ড সফরে ভারতীয় দলে নেই দুই কিংবদন্তি তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন দুই জনেই।ফলে এবার বিরাট রোহিত ছাড়াই ইংল্যান্ডের মাটিতে লড়াই করতে হবে ভারতীয় দলকে। টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর, এই প্রথমবার লাল বলের ক্রিকেটে অধিনায়কের ভূমিকায় কঠিন ব্রিটিশ চ্যালেঞ্জ সামলাতে নামবেন অধিনায়ক শুভমান গিল। ফলে কার্যত ব্রিটিশ ভূমি অগ্নিপরীক্ষা অধিনায়ক শুভমান গিলের। আর সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলছেন গোটা সিরিজেই কোহলির লড়াকু মানসিকতা মিস করবে ভারত।

ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর আগে, হেডিংলেতে প্রথম টেস্টে ভারতের সামনে কেমন উইকেট অপেক্ষা করছে? সেই নিয়ে চলছে জল্পনা। ইংল্যান্ড কি সবুজ উইকেট বানাবে? না কি ব্যাটারেরাও সুবিধা পাবেন? হেডিংলের উইকেট নিয়ে মুখ খুললেন সেখানকার পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন। তিনি জানিয়েছেন, প্রথম টেস্টে ব্যাট ও বলের লড়াই দেখা যাবে। রবিনসন বলেন, “টেস্টের সময় ভাল গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা আছে। খেলা যত গড়াবে তত আর্দ্রতা কমবে।” খেলা শুরুর তিন-চার দিন আগে হেডিংলেতে সবুজ পিচ দেখা যাচ্ছে। কিন্তু রবিনসন জানিয়েছেন, এত ঘাস থাকবে না। তা ছেঁটে ফেলা হবে। তিনি বলেন, “ঘাস ছেঁটে ফেলব। এখন তাপমাত্রা বেশি থাকায় পিচে জল বেশি দেওয়া হচ্ছে। তাই ঘাস রাখা হয়েছে। এত পিচ ভাঙবে না। খেলার সময় এত ঘাস থাকবে না। আমি চাই তিন দিন নয়, পাঁচ দিন ধরে ম্যাচ হোক।”

ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের ভারতীয় দল কেমন হতে চলেছে সেই নিয়েই চলছে জোর আলোচনা। এই সফরে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মতো দুই অভিজ্ঞ পেসার রয়েছেন। কিন্তু বাকি পেসারদের অভিজ্ঞতা বা ইংল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে খুব বেশি ধারনা নেই। মহম্মদ শামিকে জায়গা দেওয়া হয়নি স্কোয়াডে। বুমরাকেও সব ম্যাচে খেলানো হবে না। তবে প্রাথমিক চিন্তা ব্যাটিং অর্ডার। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল থাকছেন। সঙ্গী কে? লোকেশ রাহুল ওপেন করলে চার নম্বরে বিরাটের জায়গা কে নেবেন? অভিমন্যু নাকি সাই সুদর্শন, কাকে সুযোগ দেওয়া হবে? এমন নানা প্রশ্ন। তার কারণও রয়েছে। প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন সাই। অন্যদিকে, দীর্ঘ সময় ভারত এ দলকে নেতৃত্ব দিচ্ছেন, বেশ কয়েকবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও অভিষেক হয়নি অভিমন্যু ঈশ্বরণের। এত প্রশ্নের মধ্যে এখনও অবধি যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে যশস্বীর সঙ্গে হয়তো ওপেন করবেন লোকেশ রাহুলই। তিনে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। তবে এই পজিশনের দাবিদার অনেক। সাইয়ের লড়াই ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণও। আবার সেকেন্ড কিপার ধ্রুব জুরেলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এতদিন এই পজিশনে ব্যাট করছিলেন শুভমন। যদিও তিনে তাঁর পারফরম্যান্স খুব একটা আশা জাগানোর মতো নয়। চার নম্বরে দেখা যেতে পারে ক্যাপ্টেন শুভমন গিলকে। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অভিজ্ঞ করুণ নায়ারকে। ছয়ে ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। এরপর স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আরও একটা প্রশ্ন আসছে, নীতীশ রেড্ডি নাকি শার্দূল, পেস বোলিং অলরাউন্ডার কে? শার্দূল আগেও ইংল্যান্ডে নজর কেড়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন নীতীশও। যদিও শার্দূলকেই এগিয়ে রাখা যায় প্রথম ম্যাচের জন্য। তিন পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button