মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ! স্বাধিকার ভঙ্গের নোটিশ দিচ্ছে শুভেন্দুকে

মঙ্গলবার পহেলগাঁও হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাঁদের সেই অপারেশনকে সম্মান জানাতে মঙ্গলবার প্রস্তাব পেশ হয় বিধানসভায়। সেখানেই সেনাবাহিনীকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বক্তব্য নিয়ে শুভেন্দু বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ। এদিন বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গিয়েছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন।”

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ হানেন। তিনি বলেন, ”আপনি বিরোধী দলনেতা? লজ্জা! সামান্য ভদ্রতাও জানেন না। বিধানসভায় মিথ্যাে বলছেন! বাইরে কী করেন কে জানে?”

অপরদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। যার প্রেক্ষিতে বুধবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্পিকার।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসাবে প্রস্তাব এনেছিলাম। শুভেন্দু অধিকারী বলছেন সিএম পাকিস্তানের সুরে কথা বলছেন। আমি আহত হলাম। বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে। এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামিকাল বিধানসভার প্রশ্নোত্তর পর্বের পর রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





