‘অপারেশন সিন্দুর’ নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন লোকসভায়!

সোমবার দুপুরে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা লোকসভায়। এনিয়ে আলোচনার সূচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, আলোচনা চলবে ১৬ ঘণ্টা ধরে। আলোচনায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে এদিনই তাঁরা বক্তব্য রাখবেন কি না, তা এখনও অজানা। এদিকে, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বাংলায় বক্তব্য রাখতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংসদে অপারেশন সিঁদুর নিলে আলোচনার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আপনারা বলছেন বাংলাদেশি অনুপ্রবেশ করছে। বাংলা ছেড়ে দিন, পহেলগাঁওতে তো পুলিশ, বিএসএফ কেন্দ্রের। সেখানে যে বন্দুক নিয়ে যে ৪ জঙ্গি প্রবেশ করল, তা কীভাবে হল? আর একমাত্র যুদ্ধের ময়দানেই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে। আর যুদ্ধজয়ের পুরষ্কার হতে পারে পাক অধিকৃত কাশ্মীর। অভিষেকের মতে, যখন প্রক্সি ওয়ার চলে, তখন কোনও ‘ন্যাচারাল গ্রাউন্ড’ থাকতে পারে না।’
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২২ জন সাধারণ নাগরিকের মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। এর নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হাত থাকার প্রমাণ মেলার পর ভারতীয় সেনা উচিত শিক্ষা দেয়। মে মাসের ৭ তারিখ মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের সীমান্ত এলাকায় অপারেশন চালিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।
এই মিশনের সাফল্য তুলে ধরতে এবং বিশ্বের দরবারে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের প্রকৃত চেহারা উন্মোচন করে দিতে কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধিদের পাঠিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে। তৃণমূলের তরফে প্রতিনিধি হিসেবে এশিয়ার দেশগুলিতে ঘুরে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে অপারেশন সিঁদুর নিয়ে ১৬ ঘণ্টার আলোচনায় বক্তার তালিকায় থাকছেন অভিষেক।





