Breaking Newsআবহাওয়া

মুষলধারায় বৃষ্টির পূর্বাভাষ দক্ষিণবঙ্গে! চার জেলায় জারি হলুদ সতর্কতা

একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা৷ এই দুইয়ের প্রভাবে কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে৷ হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা সাড়ে চার কিলোমিটার। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনউ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া , পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জায়গাতেই বিক্ষিপ্ত ভাবে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

এদিন সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিনে দফায় দফায় কলকাতা শহরে বৃষ্টির দাপট দেখা যাবে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ০.৪ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।

অপরদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button