ছুটির দিনই হাওয়া বদল! ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা-

ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে বর্ষা অত্যন্ত সক্রিয় এবং এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রবিবার অতিভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ার ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে রবিবার। বাকি আটটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার মালদহ-সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে ।





