জমি বিবাদ ঘিরে নওদায় বো.মাবাজি! মৃ.ত ১

পারিবারিক জমি বিবাদ ঘিরে ব্যাপক বোমাবাজি। এই ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম রফিকুল শেখ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলিনগর গ্রামে।
সুত্রের খবর, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে রফিকুল শেখ এবং তার খুড়তুতো ভাই হাফিকুল শেখের মধ্যে বিবাদ চলছিল। কিছুদিন আগে এক ভাই অন্য ভাইয়ের জমির কিছু অংশ নিয়ে বাড়ি তোলায় বিবাদ চরমে ওঠে। দু’পক্ষই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখানে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে ফের ঝগড়া শুরু হয় দু’পক্ষের। তার মাঝেই শুরু হয় যথেচ্ছ বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। আহত হয়েছে আরও তিনজন। আহতরা বর্তমানে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে।
অপরদিকে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলিনগর গ্রামে পৌঁছয়। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে কেবল জমি সংক্রান্ত বিবাদ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ।





