এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ! সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দে এবং বিচারপতি সৌমেন সেন এজলাসে মামলা দায়ের হয়। মামলাকারীর বক্তব্য, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন দেওয়া হবে? অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। নিয়োগের বয়সসীমা নিয়ম বিভ্রান্তি রয়েছে।
এদিকে, সোমবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্য’দের। তেমন কেউ আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও, ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশও দেয় উচ্চ আদালত।
এই আবহেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চের কাছে দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি, তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ওই নম্বর কেন দেওয়া হবে? শুধু তাই নয়, অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে বলেও দাবি।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি হারিয়েছিল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সুপ্রিম নির্দেশ মেনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেই হিসেবে জুন মাসের শুরুতেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল।





