প্রথমবার ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসি

মাত্র তিন বছর আগে বাংলার ফুটবলে যাত্রা শুরু করেছিল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। প্রথমে কলকাতা লিগে অংশ গ্রহণ। এরপর আইলিগ 3 ও আইলিগ 2 তে চ্যাম্পিয়ন্স হয়ে সকলের মন জয় করে নিয়েছে ডায়মন্ড হারবার। আর এই বছর আইলিগেও অংশ নেবে তারা। আর তার আগে ডুরান্ড কাপেও বাংলার চতুর্থ দল হিসেবে অংশ নিতে চলেছে ডায়মন্ড হারবার এফসি।
এই বছর ডুরান্ড কাপে ডায়মন্ড হারবারের সঙ্গে গ্রুপে রয়েছে বাংলার দুই প্রধান দল মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং। টুর্নামেন্ট শুরুর আগে সোমবার ক্লাবে সাংবাদিক সম্মেলন বেশ আত্মবিশ্বাসী দেখাল কোচ কিবু ভিকুনাকে। আগামী ২৮ জুলাই প্রথমবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। আগামী ২৮ তারিখ ডুরান্ড কাপে তাদের প্রথম প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং।
এর পাশাপাশি ৯ অগস্ট মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার। আর সেই লক্ষ্য নিয়ে কোচ কিবু ভিকুনার নেতৃত্বে অনুশীলন সারছে ডায়মন্ড। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ডুরান্ড কাপের জার্সির উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন কোচ কিবু ভিকুনা সহ দলের ফুটবলার স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজা, নরহরি স্রেষ্টা,গিরিক ও জবি জাস্টিন।নতুন অভিজ্ঞতা নতুন চ্যালেঞ্জ। তবে সাফল্য পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবারের ফুটবলাররা।
এদিন সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার এফসির জার্সি তুলে দেওয়া হল স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজার হাতে। আপাতত ৩ বিদেশী নিয়েই ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি।





