অবশেষে সম্প্রীতির ছবি মোহনবাগানে

অবশেষে নাটকের যবনিকা পতন। মোহন নাটকের শেষ দৃশ্যে সম্প্রীতির ছবি। গত কয়েক মাস ধরে ময়দান উত্তপ্ত হয়েছে মোহনবাগান ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে। একদিকে প্রাক্তন সচিব দেবাশীষ দত্তের অনুগামীদের প্রচার, অন্যদিকে বিরোধী গোষ্ঠীর সৃঞ্জয় বসু, টুটু বসুদের প্রচার। আক্রমণ পাল্টা আক্রমণ, অভিযোগ পাল্টা অভিযোগ। এ যেন রাজ্যে আসন্ন লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনের ভোট প্রচার বলে মনে হচ্ছিল। পাড়ায় পাড়ায় নিয়মিত ঘুরে শাসক ও বিরোধী গোষ্ঠীর প্রচার, মিছিলে সরগরম হয়েছে রাজ্য। অবশেষে নবান্নের হস্তক্ষেপে বিরোধের পরিহার করে, এক ছাতার তলায় আনা সম্ভব হল মোহনবাগান ক্লাবের যুযুধান দুই পক্ষকে। সোমবার বিকেলে ক্লাবে একসঙ্গে প্রবেশ করলেন দেবাশীষ দত্ত ও সৃঞ্জয় বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জী, শিল্টন পাল থেকে শুরু করে মোহনবাগান ক্লাবের দুই পক্ষের সদস্য সমর্থকরা। আর এইদিন ২২ সদস্যের কমিটির নামের প্যানেল বানিয়ে একসঙ্গে মনোনয়ন জমা দিলেন দেবাশীষ ও সৃঞ্জয়। পাশাপাশি যৌথ সাংবাদিক সম্মেলন করলেন দুজনে। আর সাংবাদিক সম্মেলনে জানালেন মোহনবাগানের ভালোর জন্য একসঙ্গে কাজ করবেন। আর এই কমিটি একসঙ্গে কাজ করলে আগামী তিন বছরে মোহনবাগানে সাফল্যের জোয়ার আসবে।

আর গত কয়েক মাসে সদস্য সমর্থকদের কাছে দুই পক্ষই গিয়েছে। ফলে সদস্যদের চাহিদা, মনের ইচ্ছে জানতে পেরেছেন তারা। সেই মতো আগামী দিনে কাজ করা হবে। নতুন কমিটিতে দুই খেলোয়াড় হিসেবে রাখা হল সত্যজিৎ চ্যাটার্জী এবং শিল্টন পালকে। মোহনবাগান ক্লাবের নতুন সচিব পদে বসতে চলেছেন সৃঞ্জয় বসু। সভাপতি পদে দেবাশীষ দত্ত। আর টুটু বসুর জন্য তৈরি করা হবে চেয়ারম্যান পদ। সবমিলে দুই পক্ষের বিরোধ ভুলে আবার একসঙ্গে হাতে হাত মেলালেন। করলেন মিষ্টিমুখ। আগামী দিনে এই ঐক্যের ছবি মোহনবাগানকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, এখন সেটাই দেখার।





