টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৫ রান

ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডের ৫০ রানে এক উইকেটে। আর এই দিন বারবার বৃষ্টি আসায় একটানা খেলা চালানো সম্ভব হয়নি। একাধিকবার খেলা স্থগিত রাখতে হয়। তবে দিনের শেষে হাইভোল্টেজ উত্তেজনা আর থ্রিলারে নজির গড়ল ওভাল টেস্ট। এই দিন শুরু থেকেই দ্রুত গতিতে রান বাড়াতে থাকে ইংল্যান্ড। তবে খুব একটা আশারুরূপ ভালো বোলিং উপহার দিতে পারেনি ভারতীয় বোলাররা।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে জোড়া সেঞ্চুরি স্কোরবোর্ডে যোগ করে ইংল্যান্ড। জো রুট করেন ১০৫ রান। হ্যারি ব্রুক ১১১ রান। পাশাপাশি বেন ডাকেট করেন ৫৪ রান। প্রসিদ্ধ কৃষ্ণা- সিরাজরা ভালো বোলিং করলেও, ইংল্যান্ড টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে বেশ কিছু ভালো পার্টনারশিপ গড়ে তোলে। হ্যারি ব্রুক ও জো রুটের দুর্দান্ত ব্যাটিং দেখে মনে হচ্ছিল চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার অনেক আগেই টেস্ট জিতে নেবে ইংল্যান্ড।
কিন্তু দিনের শেষে অপেক্ষা করছিল ভরপুর সাসপেন্স। জো রুট ও জেকব বেথেলকে পরপর আউট করে দিয়ে খেলায় প্রত্যাবর্তন করে ভারত। আর এখন যা কন্ডিশন তাতে টেস্টের পঞ্চম দিনে প্রথম একঘন্টাতেই ম্যাচের ফয়সলা হবে তা নিশ্চিত! কিন্তু কারা জিতবে তা সম্পূর্ণ অনিশ্চিত! কারণ এই মুহূর্তে ভারতের টেস্ট জয়ের জন্য দরকার আর চার উইকেট। যদিও কাঁধে গুরুতর চোট লাগায় ক্রিস ওকস ব্যাটিং করতে নামবেন কিনা তা অনিশ্চিত। সে ক্ষেত্রে ভারত তিন উইকেট ফেলতে পারলেই টেস্ট জিতে যাবে।
অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট জয়ের জন্য দরকার ৩৫ রান। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 339 রানে 6 উইকেট। আর তাই টেস্ট বাঁচাতে দেশের স্বার্থে ঋষভ পন্থের মতো ভাঙা কাঁধ নিয়েই সোমবার দরকার পড়লে ব্যাট করতে নামবেন ক্রিস ওকস। রবিবার জানিয়ে দেন জো রুট। সেক্ষেত্রে এখন দেখার শেষ পর্যন্ত পঞ্চম টেস্টে কাদের ভাগ্যে টেস্ট জয়ের সুযোগ আসে।





