বাতিল স্মার্ট মিটার, বিধানসভায় জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল স্মার্ট মিটার৷ শুধু তাই নয়, যাদের প্রিপেইড স্মার্ট মিটার লাগানো হয়েছে, তাদের বিল হবে পুরনো পদ্ধিতেই৷ বুধবার বিধানসভায় এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ এদিন প্রশ্নোত্তর পর্বে এই স্মার্ট মিটার প্রসঙ্গ তুলেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে গুরুতর অভিযোগ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, “স্মার্ট মিটার পুরোপুরি কেন্দ্রের বিষয় । কেন্দ্রীয় সরকার এবং বিদ্যুৎ দফতর যৌথভাবেই স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক করেছিল । কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অসুবিধার কথা বুঝতে পেরে শেষ পর্যন্ত এই স্মার্ট মিটার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন । অতএব বিরোধী নেতারা যারা স্মার্ট মিটার নিয়ে বাইরে বড় বড় কথা বলছেন, তাদের জেনে রাখা উচিত এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে । আর তা চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারই । মুখ্যমন্ত্রী এক্ষেত্রে স্মার্ট মিটার বাতিল করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন।”

অরূপ বিশ্বাস আরও বলেন, “বিষয়টি নজরে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেগুলিকেও নরমাল মিটার হিসাবেই দেখা হবে । এতদিন যেভাবে তিন মাস অন্তর সাধারণ মানুষের বিল আসতো, এক্ষেত্রেও তিন মাস অন্তরই বিল আসবে ।”





