ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশের মুখভার। বেলা বাড়লেও রোদের দেখা নেই। মাঝে মাঝে টিপ টিপ করে পড়ছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। আগামী ২৪ ঘণ্টায় তা ধীরে ধীরে উত্তর-উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এ সবের জেরেই আপাতত সপ্তাহভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
বুধবারের মতো বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্রও। এ নিয়ে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

একটানা বৃষ্টিতে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯১ শতাংশ। আগামী দুদিনে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সপ্তাহ জুড়েই। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির আশঙ্কা থাকছে। যার কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। তা ছাড়া, পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও থাকছে। ক্ষতি হতে পারে ফসলের। কুয়াশাজনিত কারণে দৃশ্যমানতা কমতে পারে। তাই সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





