পাকিস্তানের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

ভারতে ‘নো এন্ট্রি’ পাকিস্তানের। পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছিল। বাতিল করা হয় ভিসা। এবার আরও একটা কড়া পদক্ষেপ। ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানি কোনও বিমান।
আগামী ২৪ অগস্ট পর্যন্ত পাকিস্তানের জন্য এয়ারস্পেস বন্ধ রাখার সিদ্ধান্ত ভারত সরকারের তরফে। তবে তা শুধু পাকিস্তানের বিমানের জন্য। পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করে কোথাও যেতে পারবে না। তাদের ঘুরপথেই যেতে হবে। ১৯ জুলাই ভারতীয় ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছিল পাকিস্তান। এ বার একই পথে হাঁটল নয়াদিল্লিও।
পহেলগাঁও হামলার পর ৩০ এপ্রিল থেকে ভারত পাকিস্তানের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ২৪ জুলাই পর্যন্ত সেই নির্দেশিকা জারি ছিল। এ বার তা বাড়িয়ে ২৪ অগস্ট পর্যন্ত করা হল।
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। তার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে দুই দেশের। বন্ধ রয়েছে আকাশসীমাও। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের ফ্লাইট ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে।





