ফের এন্ট্রি নিচ্ছে নিম্নচাপ! বুধবারের পর জারি কমলা সতর্কতা

গত কয়েকদিন ধরে কমেছে বৃষ্টির দাপট। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে চড়া রোদ। সকাল হতে না হতেই চড়ছে তাপমাত্রার পারদ! তবে শীঘ্রই মিলবে স্বস্তি। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাব পড়তে চলেছে সরাসরি দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।
জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসগারের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প। সে কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে চড়া রোদ থাকলেও, বেলা গড়ালে বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
অপরদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী দিন চার-পাঁচ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই পার্বত্য জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলবর্তী ও পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। প্রয়োজনীয় হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধও জানানো হয়েছে।





