বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে! দুর্যোগের সতর্কতা জারি উত্তরের জেলাতেও

নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে। যার জেরে গত কয়েকদিনের তুলনায় উন্নতি হয়েছে আবহাওয়ার। সপ্তাহান্তে মিলেছে রোদের দেখা। তবে স্ট্রং মনসুন ফ্লোর কারণে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
শনিবার দক্ষিণবঙ্গের জেলায় কমেছে বৃষ্টি। তবে রবিবার থেকে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃষ্টি কমার কারণে ফের বেড়েছে তাপমাত্রা জনিত অস্বস্তি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। এছাড়া ধ্বস নামার আশঙ্কাও থাকছে।





