জোড়া ঘূর্ণাবর্তে জেরবার বাংলা, ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

ফের জোড়া ঘূর্ণাবর্তে জেরবার বাংলা। যার জেরে টানা চার দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই কলকাতার আকাশ মেঘলা। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। বাকি জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস।
উল্টোরথের পর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর ত্রিফলার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। প্রায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিনবঙ্গের পাশাপাশি সপ্তাহভর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে জলমগ্নতা ও ভূমিধসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।





