তামিলনাড়ুতে ডিজ়েল ভর্তি ট্যাঙ্কারে ভ*য়াব*হ আ*গু*ন, বাতিল একাধিক ট্রেন

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! এবার তামিলনাড়ুতে মালবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড। জানা যাচ্ছে রবিবার ভোরে তিরুভাল্লুরের কাছে একটি মালবাহী ট্রেনের ডিজ়েলের ট্যাঙ্কারে আগুন লাগে। দমকলের কর্মীরা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তেলের ট্যাঙ্কার হওয়ায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়।
সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চেন্নাই থেকে মুম্বইয়ের দিকে ডিজ়েল নিয়ে মালগাড়িটি রওনা হয়। ওই মালগাড়িটি ৪৫টি তেলের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছিল। হঠাৎই তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়ির শেষের দিকের একটি ট্যাঙ্কারে আচমকা আগুন লাগে। এর পরে ধীরে ধীরে বাকি ট্যাঙ্কারগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক ট্যাঙ্কার দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার পরেই আশেপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়। যার জেরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের উৎস ডিজেল হওয়ায় তা নেভানো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান উদ্ধারকারী কর্মীরা। কীভাবে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগল? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও অন্য ঘটনা রয়েছে কি না ! না কি এটি নিছকই দুর্ঘটনা! তা খতিয়ে দেখছে পুলিশ। আরপিএফের পাশাপাশি তামিলনাড়ু পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
অগ্নিকাণ্ডের পরে চেন্নাই-আরাক্কোনাম অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এর জন্য বেশ কয়েকটি যাত্রিবাহী ও মালবাহী ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে ৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ৫টি এক্সপ্রেস ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। যাত্রীদের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হলো 044-25354151, 044-24354995।





