বাংলার সাংসদদের নিয়ে বৈঠক দিল্লিতে! বঙ্গ–বিজেপিকে SIR সমর্থনের পথ দেখাবেন শাহ?

সোমবার তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাংলার বিজেপি সাংসদরা। রবিবার শমীক নিজেই এই বৈঠকের কথা জানান। কী নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে।
সুত্রের খবর, বিহার ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তুমুল হইচই। বিহারের মতো বিভিন্ন রাজ্যে তা লাগু হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআরের বিরোধিতা করে রাজ্য সরকার সুর চড়িয়েছে। এবার এই নিয়ে সতর্ক বিজেপিও। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে।
যদিও কোন কোন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে তা নিয়ে রবিবার বিকেল পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব স্পষ্ট কিছু জানাননি। তবে শমীক জানিয়েছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে শাহের সঙ্গে। পাশাপাশি, আরজি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের দাবিদাওয়ার কথাও শাহকে বলবেন বলে জানান শমীক। তাঁর কথায়, ‘‘আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ অগস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা। সেই বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরও কিছু বলেন। সেই সব কথা শাহকে জানানো হবে।’’
প্রসঙ্গত, সোমবার বিকেল সাড়ে চারটেয় তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে রাজ্যের বিভিন্ন ইস্যু, কেন্দ্রের বিরুদ্ধে দলের অবস্থান এবং সংসদে আগামী দিনের কৌশল ঠিক করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে একদিনে দুই মেরুতে দু’টি বৈঠক ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহল ।





