ফের মেট্রো বিভ্রা.ট, অফিস টাইমে ডাউন লাইনে ব্যাহত পরিষেবা, নাজেহাল যাত্রীরা

ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। শনিবার সকালে ব্যস্ত অফিস টাইমে, দমদম-কবি সুভাষ (নিউ গড়িয়া) রুটে ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে থাকে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ। তবে ৯.৪০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে বেশ কিছু ক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
এ ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শনিবার ৯টা ১৫ মিনিট নাগাদ যতীন দাস পার্কে একটি মেট্রো রেকে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল। ১০ মিনিটের মধ্যে তা সমাধান করা হয়েছে। ওই রেকটিই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তার পরে ডাউন লাইনে মেট্রো স্বাভাবিক ভাবেই চলেছে।
এর আগে গত শনিবারের পর সোমবার, সুড়ঙ্গতে জল চলে আসায় বন্ধ করতে হয় আংশিক মেট্রো পরিষেবা। সুড়ঙ্গতে জল কীভাবে আসছে তা নিয়ে বিশেষ টিমও তৈরি করা হয়েছে। রাস্তার উপরে জমে থাকা জল, পুরসভার নিকাশি নালা মারফত সুড়ঙ্গতে প্রবেশ করছে কি না, তা নিয়েও বিশেষ পর্যবেক্ষণ চালাচ্ছে মেট্রো।
আধিকারিকদের একাংশের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণে নজর থাকলে নিকাশি নালা দিয়ে জল বেরিয়ে যেত। দেওয়ালের ফাটল সহজেই ধরা পড়ত। আর এক্ষেত্রে কর্মীসংকট একটা বড় কারণ। তাই স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর সুড়ঙ্গের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আলোচনা ঘুরে ফিরে আসছে মেট্রোর কামরাতেও। মঙ্গলবারও সকালে মেট্রোয় ওঠার সময় অনেককেই বলতে শোনা গেল, আবার মাঝপথে থমকে যাবে না তো ট্রেন! আবার কেউ বললেন, বৃষ্টি হলে রাস্তায় জল জমে জানতাম। কিন্তু মেট্রোর সুড়ঙ্গও যে ডুবে যায় এখন সেটাই দেখছি।





